নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল কাছাড়ের বিশেষ আদালত। শুক্রবার বিশেষ বিচারক বিপ্রজিত রায়ের আদালত এই রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্ত যুবকের নাম কার্তিক দাস ওরফে পঙ্কু (২২)। তার বাড়ি বদরপুর থানার অন্তর্গত মালুয়া জগন্নাথপুরে।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২৩ সালের ১৪ অক্টোবর মহালয়ার দিন ভোরের। সেই সময় নির্যাতিতা নাবালিকার বয়স ছিল ১৬ বছর এবং অভিযুক্ত কার্তিকের বয়স ছিল ১৯ বছর। নাবালিকার বাড়ি কাটিগড়া থানা এলাকায়। অভিযোগ অনুযায়ী, মহালয়ার দিন ভোরে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল ওই কিশোরী। সেই সুযোগে কার্তিক তাকে অপহরণ করে নিয়ে যায়।

অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অপহরণের বিষয়টি জানতে পেরে নাবালিকার বাবা কাটিগড়া থানায় এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনার তিন দিন পর অভিযুক্তের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানায়, প্রথমে তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কার্তিক নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করে সে।

বিচারপ্রক্রিয়া শেষে আদালত পকসো আইনের ৪ নম্বর ধারায় কার্তিককে ১০ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় তিন বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানাও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হবে।

তবে আদালত জানিয়েছে, দু’টি কারাদণ্ডের মেয়াদ একই সঙ্গে চলবে। মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন বি আচার্য এবং অভিযুক্তের পক্ষে সওয়াল করেন ডি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *