বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা দাবা সংস্থার উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) হাইলাকান্দি ডিএসএ-র যুব হোস্টেলে অনুষ্ঠিত হবে বর্ষাকালীন দাবা প্রতিযোগিতা ২০২৬। একদিনের এই প্রতিযোগিতা শুরু হবে সকাল ৮টায়।
প্রতিযোগিতায় উন্মুক্ত, অনূর্ধ্ব-৯, অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭—এই ছয়টি বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দাবা সংস্থার নিয়ম অনুযায়ী ১০ মিনিট সময়ের সঙ্গে প্রতি চালে অতিরিক্ত ৫ সেকেন্ড যুক্ত করে খেলা পরিচালিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মুক্ত বিভাগে মোট ৭,০০০ টাকা পুরস্কার অর্থ রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিজয়ীদের জন্য ট্রফি ও শংসাপত্রের ব্যবস্থাও রয়েছে। দাবাপ্রেমী ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রতিযোগিতা সংক্রান্ত বিশদ তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ৭৩৯৯৪৪৭৬৬৭ নম্বরে।



