বরাক তরঙ্গ, ১০ আগস্ট: তামুলপুরের গেরুয়াপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী প্রণিতা বড়োকে ধাওয়া করে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী চন্দন বড়ো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। একপর্যায়ে চন্দন বড়ো দা নিয়ে স্ত্রী প্রণিতাকে ধাওয়া করেন বলে অভিযোগ। এরপর তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনায় প্রণিতা বড়োর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত স্বামী চন্দন বড়োকে গ্রেপ্তার করে।
ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা গেছে।



