স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, বরপেটা রোডে চাঞ্চল্য, আত্মসমর্পণ স্বামীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : বরপেটা রোডের হরতকিতলা এলাকায় মঙ্গলবার বিকেলে এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্বামী শিবু সাহা (৬০) প্রকাশ্য রাস্তায় ধারালো দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী মুক্তি সাহা (৫৫)-কে হত্যা করেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল প্রায় ৩টা নাগাদ মুক্তি সাহা আদালত থেকে বাড়ি ফেরার পথে হরতকিতলা এলাকায় পৌঁছলে শিবু সাহা তার উপর অতর্কিতে হামলা চালান। ধারালো দা দিয়ে গলায় আঘাত করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মুক্তি সাহাকে উদ্ধার করে স্থানীয়রা বরপেটা রোড সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, গলার শিরা ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বরপেটা রোড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শিবু সাহা দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকতেন। কয়েক মাস আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার সূত্রেই উভয়কে নিয়মিত আদালতে হাজিরা দিতে হতো। পরিবারের দাবি, শিবু সাহা প্রায়ই মুক্তি সাহাকে হত্যার হুমকি দিতেন। এদিনও আদালত থেকে ফেরার পর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ঘটনার কিছু সময় পর অভিযুক্ত শিবু সাহা বরপেটা রোড থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থানায় উপস্থিত হয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি জানানো হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোতে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে বরপেটা রোডজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *