বিধানসভায় হাতে সুপারি নিয়ে সরব জুবেইর, স্থানীয় চাষীদের সমস্যা তুলে ধরলেন, চাইলেন এসওপি

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : অসম বিধানসভার অধিবেশনে হাতে স্থানীয় সুপারি নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক জুবেইর আনম মজুমদার। স্থানীয় সুপারি চাষিদের স্বার্থরক্ষার দাবিতে তিনি সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন এবং সুপারি খাতকে সুরক্ষিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেন।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জুবেইর আনম মজুমদার বলেন, স্থানীয় সুপারির জন্য এখনও কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করা হয়নি। তাঁর দাবি, সুস্পষ্ট নীতির অভাবে রাজ্যের সুপারি চাষিরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, “সরকার কেন বার্মিজ সুপারি রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে?” তাঁর অভিযোগ, বিদেশি সুপারির অনিয়ন্ত্রিত প্রবেশের ফলে স্থানীয় বাজারে অসমের সুপারি চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায্য দাম পাচ্ছেন না। শুধু তা নয়, নানা ভয় দেখিয়ে সিন্ডিকেট টাকাও আদায় করছে গরিব চাষীদের কাছ থেকে। বলেন, বার্মিজ সুপারি রুখতে প্রশাসন ব্যর্থতার খেসারত দিচ্ছেন কৃষকরা। বিধায়ক বলেন, সুপারি চাষ করে অনেকে সন্তানের বিয়ে, পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বের করেন। এছাড়াও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে স্থানীয় সুপারির ভূমিকাও উল্লেখযোগ্য। বলেন, কৃষকদের স্বার্থে এসওপি করা হোক।

বিধায়ক আরও দাবি করেন, সুপারি শিল্পের উন্নয়ন, বিপণন ও চাষিদের স্বার্থরক্ষার জন্য একটি স্বতন্ত্র সুপারি বোর্ড গঠন করা জরুরি। পাশাপাশি, অবৈধভাবে বার্মিজ সুপারি যাতে রাজ্যে প্রবেশ করতে না পারে, সেজন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও দাবি জানান তিনি।

হাতে স্থানীয় সুপারি নিয়ে বিধানসভায় তাঁর এই ব্যতিক্রমী প্রতিবাদ রাজ্যের সুপারি চাষিদের দীর্ঘদিনের সমস্যাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *