রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : শিলচর শহরের বিবেকানন্দ রোডের ২৩ নম্বর লেন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নিশিতেশ দাসের বাড়িতে রবিবার ভোরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় শিলচর তারাপুর আউটপোস্টে একটি মামলা দায়ের হয়েছে।
পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরেরা মূল বাড়ির পাশাপাশি নিচতলার ভাড়াটিয়ার অংশেও প্রবেশ করে বলে জানা গেছে। আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।
সোমবার সকালে বাড়িতে জল দিতে এসে এক মহিলা বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খোলা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে এলাকাবাসী, নিশিতেশ দাসের আত্মীয় এবং প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারাপুর আউটপোস্টে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এদিকে, প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনা রোধে পুলিশি টহল আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।



