নৃত্য, শিক্ষা ও আত্মবিশ্বাসের অনন্য প্রতিচ্ছবি সঙ্গীতা চৌধুরীকে যুব দর্পণ “excellent awards 2026”-এর জন্য মনোনীত

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : নাচ, শিক্ষা, উদ্যোক্তা জীবন ও সমাজসেবাকে একসঙ্গে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়ে আজ বহু নারীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন গুয়াহাটির সঙ্গীতা চৌধুরী,
সাপ্তাহিক পত্রিকা যুব দর্পণ এর উদ্যোগে ও নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় আগামী ৩১ মে রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগীতা, ফ্যাশন শো ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যুব দর্পণ excellent awards 2026”-এ প্রদান করা হয়।

ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ থাকা সঙ্গীতা মাত্র তিন বছর বয়স থেকেই নৃত্য ও মডেলিং জগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অসাধারণ প্রতিভার মাধ্যমে তিনি আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নৃত্যশিল্পী, শিক্ষক, উদ্যোক্তা এবং সমাজের কাছে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে।

কথক, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, বিহু ও লোকনৃত্যে প্রশিক্ষিত সঙ্গীতা চৌধুরী এই সমস্ত নৃত্যধারায় বিশারদ ও ডিপ্লোমা সম্পন্ন করেছেন। গত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি নৃত্য শিক্ষার সঙ্গে যুক্ত থেকে অসংখ্য ছাত্র-ছাত্রীর প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। শুধু নৃত্যই নয়, তিনি একজন সার্টিফাইড জুম্বা প্রশিক্ষক হিসেবেও নারীদের ও শিশুদের শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক জীবনের বার্তা দিয়ে চলেছেন।

২০১৮ সালে তিনি ভারতের প্রতিনিধিত্ব করে ফিলিপিন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অর্জন করেন সম্মানজনক “Mrs. India Tourism Ambassador International” খেতাব। এছাড়াও মডেলিং জগতে তিনি বহু সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন। বিশেষভাবে “Northeast Supermom”-এর প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব তাঁর সাফল্যের মুকুটে আরও এক নতুন পালক যোগ করেছে। তাঁর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প আজ অসংখ্য নারীকে বয়স বা পারিবারিক দায়িত্বের সীমাবদ্ধতা ভুলে নিজেদের স্বপ্ন পূরণের সাহস জোগায়।

সঙ্গীতা চৌধুরী গুয়াহাটিতে “Sangeetanjali”-এর দু’টি শাখার প্রতিষ্ঠাতা, যেখানে দীর্ঘদিন ধরে তিনি নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের গড়ে তুলছেন। পাশাপাশি তিনি গত ১২ বছর ধরে St. Clare’s School-এ শিক্ষকতা করছেন এবং এর আগে চার বছরেরও বেশি সময় কেন্দ্রীয় বিদ্যালয়েও শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি সমানভাবে সফল। তাঁর নিজস্ব পোশাক ও গার্মেন্টস ব্যবসা “Soham’s Boutique” বর্তমানে বহু মানুষের কাছে পরিচিত নাম। এছাড়াও তিনি অনলাইন ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শো ও অনুষ্ঠানের পোশাক ডিজাইন করেও প্রশংসা কুড়িয়েছেন। একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি সমাজের বিভিন্ন ইতিবাচক বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

নৃত্য শিক্ষালয়, শিক্ষকতা, ব্যবসা, সামাজিক কাজ ও পারিবারিক জীবনের এত দায়িত্ব একসঙ্গে সামলেও তিনি যেভাবে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিন সন্তানের জননী সঙ্গীতা চৌধুরী দৃঢ়ভাবে বিশ্বাস করেন— পরিবার ও কাজ একে অপরের পরিপূরক। আর তাঁর জীবনযাত্রাই সেই বিশ্বাসের উজ্জ্বল উদাহরণ।

নিজের প্রতিভা, আত্মবিশ্বাস, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে সঙ্গীতা চৌধুরী আজ শুধুমাত্র একজন সফল নারী নন, বরং বহু মানুষের কাছে তিনি এক জীবন্ত অনুপ্রেরণার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *