বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটির মঠঘরিয়া এলাকায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের কর্তা নগেন রাজবংশী, তাঁর স্ত্রী সুনু রাজবংশী এবং তাঁদের মেয়ে মীনা রাজবংশী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মঠঘরিয়ার নিজরাপাড়ার লক্ষ্মী মন্দিরের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি মাটি ও ধ্বংসস্তূপ ধসে পড়ায় পরিবারের সদস্যরা তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকাজ চালানোর সময় ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের এক পুত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে একই পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোক।
পরপর তিন সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে রাজবংশী পরিবার। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ভূমিধসের ফলে ওই এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার ও নিরাপত্তামূলক তৎপরতা জোরদার করা হয়েছে।



