বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ গান্ধী ভবনের বর্তমান অব্যবস্থাপনা ও বেহাল পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে রূপম সাংস্কৃতিক সংস্থা। সংস্থার অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মতো ন্যূনতম পরিকাঠামোও বর্তমানে হলটিতে পর্যাপ্ত নেই।
সম্প্রতি শিলচর কালচারাল ইউনিটের নাটক দেখতে গান্ধী ভবনে গিয়ে চরম দুর্ভোগের অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছে রূপম। প্রচণ্ড গরমের মধ্যেও দর্শকদের স্বস্তিতে বসে অনুষ্ঠান উপভোগ করার মতো পরিবেশ ছিল না। হলে পর্যাপ্ত ফ্যান নেই এবং থাকা ফ্যানগুলির মধ্যে কয়েকটি অচল। এমনকি গ্রিনরুমেও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। ফলে দর্শক ও শিল্পীদের অসহনীয় গরমের মধ্যে অনুষ্ঠান উপভোগ ও পরিবেশন করতে হয়েছে।
রূপম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের কাছে দ্রুত গান্ধী ভবনের সংস্কার ও আধুনিকীকরণের দাবি জানানো হয়েছে। হলটিতে অবিলম্বে এসি স্থাপন, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, অচল ফ্যান মেরামত এবং গ্রিনরুম-সহ অন্যান্য পরিকাঠামোর উন্নয়নের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দর্শক ও শিল্পীদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
সংস্থার আরও দাবি, গান্ধী ভবন সম্পূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের উপযোগী না হওয়া পর্যন্ত সেটি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া উচিত নয়। অনুপযুক্ত পরিকাঠামো ভাড়া দিয়ে সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছে রূপম।
এ বিষয়ে শিলচরের সমস্ত নাট্যদল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও এবং সংস্কৃতিপ্রেমী নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানের দাবিতে সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
রূপমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গান্ধী ভবনকে ব্যবহারযোগ্য ও শিল্পী-দর্শকদের উপযোগী পরিবেশে ফিরিয়ে না আনা পর্যন্ত হলটি বয়কটের বিষয়েও সাংস্কৃতিক মহলকে ঐক্যবদ্ধভাবে ভাবতে হবে।
এক প্রেস বার্তায় রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, গান্ধী ভবন শিলচরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই অবহেলায় ফেলে না রেখে দ্রুত সংস্কার, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের মাধ্যমে এটিকে একটি যথাযথ সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।



