দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : স্বামীর নির্যাতন, ভরণপোষণের অর্থ না পাওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন শিলচর বিধানসভা এলাকার উত্তর কৃষ্ণপুরের সরাইল গ্রামের রুমি বেগম লস্কর। রুমি বেগমের অভিযোগ, তাঁর স্বামী বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি রুমি বেগমের ভরণপোষণের জন্য নির্ধারিত অর্থ পাচ্ছেন না। তাঁর দুই ছেলেও বর্তমানে বেকার বলে জানান তিনি।
এদিকে, রুমি বেগমের বসতঘরের অবস্থাও অত্যন্ত জরাজীর্ণ। ঘরের চালের টিন নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির সময় ঘরের ভিতরে জল পড়ে। পাশাপাশি মাটিও ধসে পড়ছে বলে অভিযোগ। তাঁর দাবি, এখনও বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়িও পাননি।
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে সরকারি আবাসন, বিদ্যুৎ সংযোগ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন রুমি বেগম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদী তিনি।



