১৪ সেপ্টেম্বর : টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত কেদারনাথ যাওয়ার পথ। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। পাশাপাশি একাধিক জায়গায় ধস নামায় বিপজ্জনক হয়ে উঠেছে তীর্থযাত্রার রাস্তা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেদার যাত্রা স্থগিত করেছে উত্তরাখণ্ড প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় লাগাতার ভারি বৃষ্টি হচ্ছে। এর জেরে ব্যাহত হয়েছে তীর্থযাত্রীদের যাতায়াত। এর মধ্যেই কেদারনাথ যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ধস নেমেছে এবং পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে। ফলে বেশ কিছু অংশে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। রবিবার চিরবাসা হেলিপ্যাডের কাছে পাহাড় থেকে আচমকা একটি বড় পাথর গড়িয়ে পড়ে। পাথরের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৫ বছর বয়সি মদন মোহন তিওয়ারির। তিনি উখিমঠ এলাকার বাসিন্দা বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল ও অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বেড়েছে। বিভিন্ন জায়গায় পাথর গড়িয়ে পড়ায় তীর্থযাত্রীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেদার যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুণ্যার্থীদের ওই পথে এগোতে দেওয়া হবে না। পরিস্থিতির উন্নতি এবং রাস্তা নিরাপদ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



