রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে ১০টি মুখ্য নাগরিক গ্যারান্টি-সহ মোট ২১ দফা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। নাগরিকদের করের বোঝা কমানোর পাশাপাশি সদ্য পুর নিগমের আওতাভুক্ত এলাকাগুলির জন্য ১০ বছরের বিশেষ করছাড়ের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইস্তাহারে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা থেকে শিলচরকে মুক্ত করতে বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি উন্নত ও গর্তমুক্ত সড়ক নির্মাণ, নিয়মিত আবর্জনা সংগ্রহের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা এবং নাগরিকদের নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পুর নিগমের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্প ও ব্যয়ের বিস্তারিত তথ্য জনসাধারণের সামনে প্রকাশের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করার প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে।
নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ার্ড সভা চালু করা এবং পুর নিগমের কাজকর্মে জবাবদিহিতা আরও বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।
‘কর নেব, কিন্তু তার হিসেবও দেব’—এই বার্তাকে সামনে রেখে নাগরিক পরিষেবা, করের বোঝা কমানো, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল এবং পুর নিগমের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নির্বাচনী ইস্তাহারের প্রধান বিষয় হিসেবে তুলে ধরেছে কংগ্রেস।



