হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে কুৎসা ও ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরকে গত ১২ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমিতি, আসাম। সংগঠনের পক্ষ থেকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসনের দাবি তোলাকে কেন্দ্র করে গৌহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা এক বিবৃতিতে দাবি করেন, ১৯৭৯ সাল থেকে জাতি, ধর্ম, বর্ণ ও ভাষার ঊর্ধ্বে উঠে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অধিকারবঞ্চিত মানুষের পক্ষে কাজ করে আসছেন। তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনা করেছেন এবং বার কাউন্সিলের নর্থইস্ট চ্যাপ্টারের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। একে চন্দ ল’ কলেজ, শিলচরের অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আইনানুগ প্রক্রিয়া ছাড়া কাউকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার প্রবণতারও সমালোচনা করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, নাগরিকত্ব রাজনৈতিক প্রচার বা জনশ্রুতির ভিত্তিতে নির্ধারণ করা যায় না। কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলে তদন্ত, প্রমাণ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই তার নিষ্পত্তি করতে হবে। বিবৃতিতে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলির প্রতি সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিকাশ ধর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বিদ্বেষ, সাম্প্রদায়িক বিভাজন ও ব্যক্তিগত কুৎসার পরিবেশ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *