শিলচর জেলা কংগ্রেসের সম্পত্তি বিক্রি নিয়ে অপপ্রচার, রাজনৈতিক চক্রান্তের দাবি সভাপতি সজলের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ও দলের সম্পত্তি কেনাবেচা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি সজল আচার্য। বুধবার এক বিবৃতিতে তিনি এই প্রচারের তীব্র নিন্দা জানিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত বলে আখ্যা দেন।

সজল আচার্য জানান, জেলা কংগ্রেস কমিটির নিজস্বভাবে দলের কোনও সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের আইনি অধিকার নেই। দলীয় নিয়ম অনুযায়ী, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) হাতে রয়েছে। তাই জেলা কংগ্রেস কমিটি বা তাঁকে জড়িয়ে সম্পত্তি কেনাবেচার যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

জেলা কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে অভিযোগের সমর্থনে যে নথিপত্র প্রকাশ করা হচ্ছে, সেগুলি জাল। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ওই নথিগুলি তৈরি করা হয়েছে। দল ও তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সজল আচার্য জানান, এই মিথ্যা প্রচার এবং জাল নথি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বৃহস্পতিবার আইনি পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। এ বিষয়ে সাইবার সেল-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন জেলা কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *