বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : ৯ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত শিলচরের ডিএসএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন। এই সময়ে ফুটবলপ্রেমীরা বিশাল এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা কমিশনারের কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার দেবীদ কুমার বরা এবং জাগৃতি কালওয়ার। জেলা কমিশনার জানান, বরাক উপত্যকার ফুটবলপ্রেমীদের জন্য নিরাপদ, প্রাণবন্ত ও পারিবারিক পরিবেশে একসঙ্গে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের সুযোগ করে দিতেই এই ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। ৯ জুলাই থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত প্রতিটি খেলা ডিএসএ স্টেডিয়ামের বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখার মতোই অভিজ্ঞতা লাভ করতে পারেন।

তিনি বলেন, বরাক উপত্যকায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার ফুটবলপ্রেমী একত্রিত হয়ে বিশ্বকাপের আনন্দ ভাগ করে নিতে পারবেন। পরিবার, তরুণ-তরুণী এবং ক্রীড়াপ্রেমীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি সকল নাগরিককে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও জানান, দর্শকদের সুবিধার্থে স্টেডিয়ামে পর্যাপ্ত আলোকসজ্জা, উন্নত সাউন্ড সিস্টেম, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনসুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয়ও সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গুয়াহাটি ও ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কের সফল আয়োজনের পর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগ যোরহাট ও শিলচরেও সম্প্রসারণের ঘোষণা দেন।



