বরাক তরঙ্গ, ৭ জুলাই : ছোটো দুধপাতিলের শ্রীশ্রী ব্রহ্মময়ী কালিকা আশ্রম পরিচালন সমিতির একটি প্রতিনিধিদল মঙ্গলবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য-এর বাসভবনে গিয়ে আশ্রমে যাওয়ার সংযোগ সড়ক সংস্কার এবং মন্দির নির্মাণের জন্য আর্থিক সহায়তার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।
আশ্রমের সভাপতি ভৈরব শঙ্করানন্দ নাথ ও সাধারণ সম্পাদক রঞ্জন দাস স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, মুরলীধর জিপির শান্তিনগর অরণ্যক ভ্যালির নিকটবর্তী ছোটো দুধপাতিল গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশ্রমে যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল। বর্ষাকালে রাস্তাটি কাদা ও গর্তে ভরে যাওয়ায় ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
প্রতিনিধিদল জানায়, প্রতিষ্ঠার পর থেকেই শ্রীশ্রী ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও কালী মন্দিরটি এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনাস্থল হিসেবে পরিচিত। তাই আশ্রমের উন্নয়ন, মন্দির নির্মাণ এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হলে স্থানীয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্মারকলিপি গ্রহণ করে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্দীপন দত্তপুরকায়স্থ, শঙ্কু শুক্লবৈদ্য, রঞ্জন দাস, শঙ্কু শর্মাসহ আশ্রম পরিচালন সমিতির সদস্যরা।



