কাল শিলচর পুর নিগমের প্রথম ভোট, রওয়ানা ভোটকর্মীরা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার। ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল ৭টা থেকেই নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকর্মীদের হাতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিষ্ট ভোটগ্রহণ দলগুলি নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজও সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে।

কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক রাহুলকুমার গুপ্তার নেতৃত্বে ঊর্ধ্বতন নির্বাচনী আধিকারিকরা শুক্রবার সামগ্রিক প্রস্তুতি সরেজমিনে তদারকি করেন। ভোটগ্রহণকর্মীদের সামগ্রী বিতরণ থেকে শুরু করে তাঁদের নিজ নিজ কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়াও পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, শিলচর পুরসভা নিগমে উন্নীত হওয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণকে ঘিরে প্রশাসনিক মহলে যেমন তৎপরতা তুঙ্গে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। আগামীকালের ভোটে নাগরিকরা পুর নিগমের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

প্রসঙ্গত, পুর নিগমের ৪২ আসনের মধ্যে দু’টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *