বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। মৃত পুলিশকর্মীর নাম পরীক্ষিত বৈশ্য। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বশিষ্ঠ এলাকার সিআইডির আবাসিক কোয়ার্টারে ঘটনাটি ঘটে। ওই আবাসিক এলাকাতেই থাকতেন পরীক্ষিত বৈশ্য। তিনি গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন এবং এক আইএএস আধিকারিকের পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষিত বৈশ্য তাঁর ৯ এমএম সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান। তাঁর স্ত্রী ও সন্তান বর্তমানে দিল্লিতে থাকেন বলে সূত্রের খবর। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সময়েই কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
ঘটনার নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে সন্দেহ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে পরীক্ষিত বৈশ্য এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে বশিষ্ঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
ঘটনার তদন্তে ফরেনসিক ও সিআইডির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে। সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি সার্ভিস পিস্তলসহ অন্যান্য সামগ্রীও পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে মেজিস্ট্রেটের উপস্থিতিরও ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ ঘটনার ধারাবাহিকতা, অস্ত্রের ব্যবহার, ঘটনাস্থলের পরিস্থিতি এবং সম্ভাব্য কারণ—সব দিক খতিয়ে দেখছে। পরীক্ষিত বৈশ্যর মোবাইল ফোন, ব্যক্তিগত নথিপত্র ও অন্যান্য সামগ্রীও তদন্তের আওতায় আনা হতে পারে।
গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।



