জালালপুর হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসার অভিযোগ, ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

Spread the news

মান্তু নাথ, বড়খলা।

বরাক তরঙ্গ, ২১ জুন : সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসাসেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের গুরুতর অভিযোগে জালালপুর বিপিএইচসি-র ব্লক ফার্মাসিস্ট (এনএইচএম) মোঃ জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, গত ১৭ জুন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির যুগ্ম স্বাস্থ্য অধিদপ্তর-কাম-সদস্য সচিব, জালালপুর বিপিএইচসি-র এসডিএম অ্যান্ড এইচও-সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে গেলে হাসপাতাল চত্বরে মোঃ জহিরুল ইসলামকে ব্যক্তিগত চিকিৎসাসেবা প্রদান করতে দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, তিনি ওই অননুমোদিত চিকিৎসাসেবা পরিচালনার সময় হাসপাতালের রোগীদের জন্য সরকারিভাবে সরবরাহকৃত ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে জালালপুর বিপিএইচসি-র এসডিএম অ্যান্ড এইচও একই দিন এক প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

স্বাস্থ্য বিভাগের বক্তব্য, একজন এনএইচএম ফার্মাসিস্টের পক্ষে সরকারি হাসপাতালের চত্বরে ব্যক্তিগত চিকিৎসাকার্য পরিচালনা এবং কর্মঘণ্টায় সরকারি সম্পদের ব্যবহার গুরুতর অসদাচরণ ও পেশাগত নীতিমালার লঙ্ঘনের শামিল। সেই কারণে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য সমিতিকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি মোঃ জহিরুল ইসলামকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসাসেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অননুমোদিত ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *