হাইলাকান্দিতে শহিদ দিবসে শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক সহ আম জনতা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৯শে মে ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পুরসভার যৌথ ব্যবস্থাপনায় এ উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা ও টেবলো প্রদর্শনের আয়োজন করা হয়। শোভাযাত্রায় এবার হাইলাকান্দির নব নির্বাচিত বিধায়ক ড. মিলন দাস অংশ গ্রহণ করেন। এছাড়া জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীগন, পুরপতি মানব চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের নেতৃবর্গকেও পা মেলাতে লক্ষ করা গেছে। শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করা শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী এবং অসংখ্য সাধারণ নাগরিক। ভাষা শহিদদের স্মরণে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন  টেবলো নিয়ে “১৯শের পথচলা”-য় পা মেলান।

শোভাযাত্রা শেষে ভাষা শহিদ স্মারক স্থলে উপস্থিত সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র দেবনাথের পৌরোহিত্যে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৬১ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান। কবিতা পাঠের আসরে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আবৃত্তি ও স্বরচিত কবিতা পরিবেশন করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র দেবনাথ। এরপর আলোচনায় যোগ দেন। পরবর্তীতে আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন কেন্দ্রীয় সমিতির উপ সভাপতি মানিক চক্রবর্তী, সহ সভাপতি নিজাম উদ্দিন লস্কর, জেলা সমিতির উপ সভাপতি সুরজিৎ দেব, সদস্য সুশান্তমোহন চট্টোপাধ্যায়, ভগবান সারদা, ডাঃ নারায়ণ দেবনাথ, জেলা কমিটির সম্পাদক অধ্যাপক দেবদত্ত চক্রবর্তী, প্রেমাংশু শেখর পাল, কবি আশুতোষ দাস, নারায়ণ দাস সহ প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন। এদের মধ্যে ছিলেন জিতেন্দ্র নাথ, কবি আশুতোষ দাস, পূর্ণিমারানি দে, কবিতা দাস, রফিক আহমেদ লস্কর, ইয়াইয়া লস্কর, শংকরী চক্রবর্তী, মানিক চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক শংকর চৌধুরী। ধন্যবাদ জানান জেলা কমিটির সম্পাদক রফিক আহমদ লস্কর। একই সঙ্গে তিনি সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *