আসাম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরিতে বাংলা উপেক্ষিত, ক্ষোভ বরাকে

Spread the news

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ভাষার অধিকার রক্ষার দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং ভাষা শহিদদের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত আসাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বাংলাকে বাদ দিয়ে অসমিয়া ভাষায় ডিজিটাল লাইব্রেরির পোর্টাল চালু হওয়াকে কেন্দ্র করে বরাক উপত্যকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘AUS ডিজিটেল লাইব্ৰেৰী’ নামে অসমিয়া ভাষায় ডিজিটাল লাইব্রেরির পেজ প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

বরাক উপত্যকার মানুষের ভাষা ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিসরে বাংলা ভাষার অনুপস্থিতি নিয়েই মূলত আপত্তি উঠেছে। কেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল পরিষেবায় অসমিয়া ভাষার ব্যবহার থাকলেও বাংলা ভাষাকে রাখা হয়নি, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে রয়েছে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের ইতিহাস। বিশেষ করে ১৯ মে ১৯৬১ সালের ভাষা আন্দোলন এবং ১১ জন ভাষা শহিদের আত্মত্যাগ আজও এই অঞ্চলের মানুষের স্মৃতিতে গভীরভাবে প্রোথিত। ভাষার মর্যাদা রক্ষার সেই ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপটেই আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসকে দেখেন বরাকের মানুষ।

এই ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বাংলা ভাষার অনুপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন একাংশ। তাঁদের বক্তব্য, অসমিয়া ভাষার ব্যবহারের বিরোধিতা নয়, বরং প্রশ্নটি ভাষাগত ভারসাম্য, আঞ্চলিক বাস্তবতা এবং ঐতিহাসিক সংবেদনশীলতার। বরাক উপত্যকায় অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিষেবায় স্থানীয় মানুষের প্রধান ভাষা বাংলার যথাযথ উপস্থিতি থাকা প্রয়োজন বলেই তাঁদের মত।

অনেকের প্রশ্ন, ডিজিটাল লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা যদি একাধিক ভাষায় পরিচালনার সুযোগ থাকে, তাহলে সেখানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন? তাঁদের মতে, প্রযুক্তিনির্ভর পরিষেবায় বহুভাষিকতার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছনো সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিসরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা ও উপস্থিতি নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে এ বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *