মাত্র ৪,৪০০ টাকা পুঁজি থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাখরশালে সংবর্ধিত সুহেল আহমদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস যে মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত বদরপুরের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুহেল আহমদ। মাত্র ৪ হাজার ৪০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসায়িক জীবন শুরু করে আজ তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি জাতীয় স্তরে একাধিক সম্মাননাও অর্জন করেছেন। তাঁর এই সাফল্য ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার বাখরশালে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
মৌলানা আজাদ হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজি আব্দুস শুক্কুর। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সঞ্চালক মওলানা জসিম উদ্দিন।

ন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড এবং ভারত গৌরব রত্নশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত সুহেল আহমদের কর্মজীবন ও সাফল্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, সীমিত পুঁজি নিয়ে শুরু করে অধ্যবসায় ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার তাঁর কাহিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংবর্ধনার জবাবে সুহেল আহমদ বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায়, বই মানুষের প্রকৃত বন্ধু। বই কখনও প্রতারণা করে না, বরং জীবনের কঠিন সময়ে সঠিক পথের সন্ধান দেয়। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিজের জীবনসংগ্রামের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সুহেল আহমদ বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে অর্থই একমাত্র সম্বল নয়। সাফল্যের জন্য প্রয়োজন দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, ধৈর্য ও নিরলস পরিশ্রম। মাত্র ৪ হাজার ৪০০ টাকা পুঁজি নিয়ে তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু হলেও অধ্যবসায়ের জোরে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।

পাশাপাশি দেশ ও সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাও প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সুহেল আহমদের হাতে সম্মাননা সনদ, মানপত্র, ফুলের তোড়া ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। তাঁর জীবনসংগ্রাম ও শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া মূল্যবান বার্তায় অনুপ্রাণিত হন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *