কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় সাংসদ সুস্মিতা দেবের দ্বারস্থ অভিভাবকরা

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিদ্যালয়টি রক্ষার দাবিতে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের দ্বারস্থ হলেন অভিভাবক ও কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা কমিটির প্রতিনিধিরা। সোমবার সাংসদের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় ৫০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সাক্ষাতে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা এবং আর্থিক সমস্যাগুলি সাংসদের সামনে তুলে ধরেন কমিটির সদস্যরা। বিশেষভাবে আসাম বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (KVS) মধ্যে থাকা সমঝোতা স্মারক বা MoU-এর মেয়াদ এবং বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়।

অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। মাঝপথে বিদ্যালয় পরিবর্তন করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবারের উপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ তৈরি হবে। তাই বিষয়টিকে কেবল প্রশাসনিক বা আর্থিক সমস্যা হিসেবে না দেখে শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধানের আবেদন জানানো হয়। বিদ্যালয়টি স্থায়ীভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রয়োজনে KVS-এর সরাসরি পরিচালনায় বিদ্যালয়টি নেওয়ার বিষয়টি বিবেচনা করারও দাবি জানিয়েছে সুরক্ষা কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ সুস্মিতা দেব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। অভিভাবকদের দাবি, প্রশাসনিক জটিলতার কারণে যেন প্রায় ৫০০ শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *