বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শিলচর তারাপুরের নাগাপাট্টির স্টেশন রোড এলাকা থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগাপাট্টির স্টেশন রোড এলাকা থেকে ৬১ কেজি ৯৩৭ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মারুতি অল্টো ৮০০ গাড়ি আটক করে চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, AS-11-P-7357 নম্বরের সাদা রঙের মারুতি অল্টো ৮০০ গাড়িটি স্টেশন রোড এলাকায় আটক করা হয়। গাড়িতে থাকা রঞ্জিত দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ত্রিপুরার ধলাই জেলার মনুঘাট থানার অন্তর্গত করমছড়া এলাকার বাসিন্দা।
গাড়িতে তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলিতে বাদামি রঙের আঠালো টেপে মোড়ানো মোট ৪৫টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে বিভিন্ন পরিমাণে সন্দেহভাজন গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ওজন ৬১ কেজি ৯৩৭ গ্রাম।
পুলিশ জানিয়েছে, নির্ধারিত আইনগত প্রক্রিয়া মেনে সন্দেহভাজন মাদকদ্রব্য এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



