কেমোথেরাপি পরিষেবা এখন হাইলাকান্দিতেই, উপকৃত হবেন জেলার ক্যান্সার রোগীরা: বিধায়ক মিলন দাস_____
বরাক তরঙ্গ, ২ জুন : জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দির এস. কে. রায় সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল নবনির্মিত ডে-কেয়ার ক্যান্সার সেন্টার। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ড. মিলন দাস বলেন, রাজ্য সরকার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ কেমোথেরাপি এখন হাইলাকান্দিতেই উপলব্ধ হওয়ায় রোগীদের আর চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হবে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রোগীদের ভোগান্তিও অনেকাংশে কমবে।
অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করেন। পাশাপাশি নবগঠিত ডে-কেয়ার ক্যান্সার সেন্টারের পরিষেবা ও পরিকাঠামো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্র ভবিষ্যতে জেলার ক্যান্সার রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত (স্বাস্থ্য) হৃষিকেশ বরুয়া, স্বাস্থ্য পরিষেবা যুগ্ম সঞ্চালক ডাঃ কে থাম্বালসানা রোংমাই, এসকে রায় সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ দেবব্রত দত্ত, স্টেট ক্যান্সার সেন্টার ও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অনকোলজিস্ট ডা. ফুলকুমারী তালুকদার, রোটারি ক্লাবের সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ডে-কেয়ার ক্যান্সার সেন্টার চালুর ফলে জেলার ক্যান্সার রোগীরা কেমোথেরাপিসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পরিষেবা স্থানীয় পর্যায়েই গ্রহণ করতে পারবেন। এর ফলে রোগী ও তাঁদের পরিবারের ওপর আর্থিক ও মানসিক চাপ অনেকটাই কমবে।
আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ক্যান্সার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জেলার স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে রোটারি ক্লাব অব হাইলাকান্দি এবং আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভবিষ্যতে আরও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
উপস্থিত বিশিষ্টজনদের মতে, এস. কে. রায় সিভিল হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টারের সূচনা হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল। এর মাধ্যমে জেলার ক্যান্সার রোগীরা সহজলভ্য, দ্রুত এবং উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ লাভ করবেন, যা সামগ্রিকভাবে জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।



