মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে মঙ্গলবার এক বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করা হয়।
শ্রীভূমির ঐতিহ্যবাহী শ্রীশ্রী মদন মোহন আখড়া প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত উন্নয়ন, আত্মনির্ভরতা, অবকাঠামো নির্মাণ, ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাঁদের মতে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক বলেন, মোদি সরকারের একাধিক উন্নয়নমূলক উদ্যোগ দেশের সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দিয়েছে। সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারী, নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে সমগ্র কর্মসূচি আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



