হাইলাকান্দিতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক, সমাধানের আশ্বাস বিধায়ক ড. মিলন দাসের

Spread the news

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জুন : জেলার ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বুধবার বিকেল পাঁচটায় হাইলাকান্দির আবর্ত ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ড. মিলন দাস, এডিসি (ল্যান্ড অ্যান্ড রেভিনিউ), জেলার বিভিন্ন সার্কেলের সার্কল অফিসার, বিভাগীয় কর্মচারী, পাটোয়ারী, সিনিয়র সিটিজেন ফোরাম, নাগরিক স্বাস্থ্য সুরক্ষা কমিটি, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত সদস্য ও সভাপতিরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে জেলার ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা, বিশেষ করে জমি কেনাবেচা, নামজারি এবং এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) ইস্যুতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য বিভিন্ন প্রস্তাবও উত্থাপন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক ড. মিলন দাস জানান, বহু ক্ষেত্রে পরম্পরাগত সম্পত্তির নথিপত্রে নামের অসঙ্গতি থাকায় নামজারির আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে অনলাইনে নাম সংশোধনের আবেদন করলেও অনেক আবেদন বাতিল হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে অফলাইনে শুনানি সম্পন্ন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরসহ নথি অনলাইনে আপলোড করার ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। এতে আবেদন বাতিলের হার উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনওসি সংক্রান্ত জটিলতার প্রসঙ্গেও তিনি গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনেক সময় জমি ক্রয়ের ক্ষেত্রে প্রতিবেশীদের এনওসি প্রয়োজন হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতি বা অনীহার কারণে সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যৌথ হলফনামার ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তিনি। তবে ভবিষ্যতে সীমানা সংক্রান্ত কোনো বিরোধ সৃষ্টি হলে সরকারি সিদ্ধান্ত মেনে চলতে হবে বলেও স্পষ্ট করে দেন বিধায়ক।

এছাড়াও পিতৃসূত্রে প্রাপ্ত বা পরম্পরাগত সম্পত্তির নামজারির সময় মৃত পূর্বপুরুষদের প্যান কার্ড সংক্রান্ত জটিলতার বিষয়টিও বৈঠকে উঠে আসে। ড. মিলন দাস জানান, এই সমস্যা সমাধানে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটি পৃথক অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠকের শেষে উপস্থিত প্রতিনিধিরা ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে গৃহীত উদ্যোগকে স্বাগত জানান এবং সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *