নোবেল শান্তি পুরস্কার আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকে

Spread the news

৯ অক্টোবর : আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বজুড়ে আইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারে (Nobel Peace Prize) ভূষিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি তথা প্রখ্যাত আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এই ঘোষণা করেছে।

উল্লেখ্য, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন ও সাহিত্য বিভাগে পুরস্কার ঘোষণার পর চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ নোবেল হিসেবে শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালে এই সম্মান অর্জন করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল পরিবারে জন্ম নেওয়া পিল্লাই তাঁর পুরো জীবন জুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।

১৯৬৭ সালে তিনি নিজস্ব আইন ফার্ম প্রতিষ্ঠা করে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমিয়ে ১৯৮৮ সালে তিনি ডক্টর অফ জুনিডিক্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হয়ে বিচার বিভাগে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *