বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : ট্রেন থেকে পড়ে যুব-ছাত্র পরিষদের প্রাক্তন নেতা টুটুল মল্ল বরুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে নলবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের বয়স ৪৮ বছর। তিনি ঘগ্ৰাপার এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন টুটুল মল্ল বরুয়া। পরে তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
প্রাক্তন এই ছাত্রনেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমনকি পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে না দিয়ে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যও দেখা দিয়েছে।



