কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ জুন : লক্ষীপুর থানার অন্তর্গত শহিদ নন্দচাঁদ চিরি সেতুর কাছে পুলিশের তাড়া খেয়ে চিরি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মুহিত কানুর মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চিরি নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর লক্ষীপুর পুলিশ ময়নাতদন্তের জন্য তা শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ লক্ষীপুরে নিয়ে যান এবং অভিযুক্ত পুলিশকর্মীদের কঠোর শাস্তি ও মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলেন।
এ সময় কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে আশ্বস্ত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় অভিযুক্ত দুই পুলিশকর্মী সন্তোষ বিশ্বাস ও কাগাল রংমাইকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, আরও দুই পুলিশ কমান্ডোর বিরুদ্ধে সংশ্লিষ্ট কমান্ড্যান্টের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে এবং তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই আশ্বাসের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।



