মধুরবন্দে GNRF-এর উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির, রক্ত দিলেন ৮০-রও বেশি মানুষ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF)-এর উদ্যোগে রবিবার মধুরবন্দ নতুন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন ৮০ জনেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবিরের। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও প্রদান করেন। উভয় কর্মসূচিতেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

শিবিরে বিভিন্ন রোগ সম্পর্কে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়। তাঁরা GNRF-এর মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিন রক্তদানকারী প্রত্যেক স্বেচ্ছাসেবীর হাতে GNRF-এর পক্ষ থেকে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্য শিবিরে পরিষেবা প্রদানকারী চিকিৎসকদেরও সম্মাননা জানানো হয়।

GNRF, দাওয়াতে ইসলামি ইন্ডিয়ার একটি সামাজিক ও মানবিক বিভাগ হিসেবে দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি অসমের বন্যা পরিস্থিতিতেও সংগঠনের পক্ষ থেকে শিবসাগরের বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বাসনপত্র, বিশুদ্ধ পানীয় জলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, GNRF-এর উদ্যোগে এবার চতুর্থবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এবারও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। আগামী দিনেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *