১৮ এপ্রিল : মহিলা সংরক্ষণ বিল লোকসভায় কার্যকর না হতেই বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি। আর তার পরিপ্রেক্ষিতেই রাতারাতি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে বসে পড়লেন মোদি। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ‘সুবিধাবাদী’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর মতে, এই দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে গিয়ে দেশের কোটি কোটি নারীর অধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, ‘মহিলা সংরক্ষণ বিল সংশোধনের ক্ষেত্রে বাধা দিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি অন্যায় করেছে। এর ফল ওদের ভুগতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মহিলারা সব ভুলে যেতে পারেন। কিন্তু অপমান ভোলেন না। এর বদলা তাঁরাই নেবেন।’
এনডিএ (NDA) সরকার লোকসভায় নারী কোটা সংক্রান্ত বিলটি পাসে ব্যর্থ হওয়ার ঠিক এক দিন পরই প্রধানমন্ত্রী এই কড়া বার্তা দিলেন। তিনি বলেন: “কংগ্রেস, ডিএমকে, তৃণমূল এবং সমাজবাদী পার্টির মতো দলগুলির স্বার্থপর রাজনীতি নারীদের অধিকার হরণ করেছে। সংসদে যখন বিলটি পরাস্ত হল, তখন এই দলের নেতারা হাততালি দিচ্ছিলেন। তারা আসলে দেশের নারীদের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া উদযাপন করছিলেন।” প্রধানমন্ত্রী মোদি সতর্কবার্তা দিয়ে বলেন, নারীদের আত্মসম্মানে এই আঘাতের ফল বিরোধীদের ভুগতে হবে।



