মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : উজান অসমে জল জীবন মিশনের অগ্রগতি পর্যালোচনায় সোমবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জোরহাট সার্কেলের এক উচ্চপর্যায়ের বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
বৈঠকে যোরহাট, গোলাঘাট ও মাজুলি জেলার অধীনে চলমান জল জীবন মিশনের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, পানীয় জল সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অন্যান্য প্রকল্পের বাস্তবায়নও পর্যালোচনা করা হয়।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, জল জীবন মিশন কেবল একটি সরকারি প্রকল্প নয়, বরং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনও ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়ে কাজ শেষ করা, গুণগত মান বজায় রাখা এবং মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি
বৈঠকে পাইপলাইন ও জলাধারের রক্ষণাবেক্ষণ, পানীয় জলের মান নিয়মিত পরীক্ষা, বিদ্যুৎ ও যান্ত্রিক অবকাঠামোর কার্যকারিতা, জনঅভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়।
পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (স্যানিটেশন)-কাম-অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভাস্কর জ্যোতি শর্মা, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার রাজীব দাস, বিভিন্ন বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সহকারী নির্বাহী প্রকৌশলী, জেলা সমন্বয়কারী ও ব্লক ওয়াটার কো-অর্ডিনেটররা। তাঁরা নিজ নিজ এলাকার প্রকল্পের অগ্রগতি ও সমস্যার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
বৈঠকের শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পুনর্ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হার ঘর নল, হার ঘর জল’ লক্ষ্য বাস্তবায়নে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার প্রতিটি ঘরে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর।



