যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ২১ জুন :
সুস্থ শরীর, মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা নিয়ে রবিবার শ্রীভূমিতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। “সুস্থ বার্ধক্যের জন্য যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যোগপ্রেমী, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম), আয়ুষ বিভাগ এবং জেলার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রধানমন্ত্রী পরিচালিত জাতীয় যোগ দিবসের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শনের মাধ্যমে। পরে বিশিষ্ট যোগ প্রশিক্ষক সঞ্জীব দাসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় গণযোগাভ্যাস। জেলার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কমন যোগ প্রোটোকল অনুসরণ করে যোগচর্চা করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈ, এনএইচএম-এর রাজ্য এপিডেমিওলজিস্ট ডাঃ হেমেন দাস, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল. খিয়েংটে, জেলা আয়ুষ নোডাল অফিসার ডা. জামাল আহমেদ চৌধুরী, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক ভারসাম্য রক্ষা এবং সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সকলকে দৈনন্দিন জীবনে যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জেলা-স্তরের যোগ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ। ১৯ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের সেরা প্রতিযোগীদের হাতে ট্রফি, শংসাপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে যোগচর্চার প্রসার ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা কয়েকজন যোগ প্রশিক্ষককে সংবর্ধনা জানানো হয়।

এনএইচএম শ্রীভূমির জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচির সমাপ্তিতে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সুস্থ, সক্রিয় ও ভারসাম্যপূর্ণ জীবন গঠনে নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেই শেষ হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *