ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : রবিবার দুপুর বারোটায় বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, হাইলাকান্দি জেলা সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় মৈত্রী ভবনে। ফোরামের পঁচিশ বছর উপলক্ষে “রজত জয়ন্তী বর্ষ উদযাপন” নিয়ে অনুষ্ঠিত সভায় পৌরহিত‍্য করেন জেলা সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায়।

শুরুতে সভাপতি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার উদ্দেশ্য ব‍্যাখ‍্যা করার জন‍্য আমন্ত্রণ জানান জেলা সম্পাদক রঞ্জিৎ ঘোষকে। সম্পাদক সকলকে স্বাগত জানিয়ে গত কেন্দ্রীয় সভার প্রস্তাব তুলে ধরে বলেন, আগামী ১৯শে মে থেকে ফোরামের রজত জয়ন্তী বর্ষের সূচনা হবে এবং চলবে এক বৎসর ব‍্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে। এব‍্যাপারে জেলা কমিটিগুলো নিজেদের নির্দিষ্ট কার্যক্রমের পাশাপাশি শিলচরে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করে বর্ষব‍্যাপী অনুষ্ঠানকে সাফল‍্যমণ্ডিত করার জন‍্য আপনাদের সুচিন্তিত মতামত প্রয়োজন। অতঃপর উপস্থিত সদস‍্যগণ বিভিন্ন প্রস্তাব তুলে ধরে বক্তব‍্য রাখেন। এতে আগামীদিনে রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপরও জোর দেওয়া হয়। বক্তাদের মধ‍্যে ছিলেন কোষাধ‍্যক্ষ নারায়ণ দাস, সহ সভাপতি মাধবী শর্মা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সুদর্শন ভট্টাচার্য, সহ সম্পাদক সঞ্জীব দে, মহিলা শাখার সম্পাদক করবী রায়, বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথ, প্রাক্তণ পুরসদস‍্য আরুণ কুমার দাস, বিশিষ্ট সমাজকর্মী ফণিভূষণ দেবনাথ, অনামিকা আচার্য সহ ফোরামের কার্যকরী সদস‍্য সাগর কৈরী, অসিত কুমার পাল, শঙ্কর চৌধুরী, মানিক গুপ্ত, মিঠুলাল চৌধুরী প্রমুখ ব‍্যক্তিবর্গ।

বক্তব‍্যের পর সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয় যে রজত জয়ন্তী বর্ষের কাজে বিশাল আর্থিক খরচ হবে তাই হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ থেকে বিশেষ সদস‍্য চাঁদা বা বিশিষ্ট সমাজকর্মীদের নিকট থেকে চাঁদা সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটিকে ন‍্যুনতম দশহাজার টাকা আর্থিক সহায়তা করার প্রয়াস চালানো হবে এবং উদযাপন সমিতির পক্ষ থেকে জেলা সমিতিকে প্রদত্ত দায়িত্ব ও পরামর্শ পালন করে এক ঐতিহাসিক সফল অনুষ্ঠানে আন্তরিক ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাছাড়া আগামী ১৪জুন হাইলাকান্দিতে রক্তদানে জড়িত সকল সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে এক বিশাল র‍্যালির আয়োজন করা হবে। পাশাপাশি বেশী সংখ‍্যক সচেতনতা সভা ও স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের প্রয়াস চালানো হবে যাতে রক্তদান আন্দোলন ফলপ্রসু রূপ পায় এবং চাহিদা ও যোগানের মধ‍্যে থাকা ব‍্যবধানকে কমিয়ে নিয়ে আসা যায়। সবশেষে সভাপতি কর্তৃক ধন‍্যবাদ জ্ঞাপনের মাধ‍্যমে সভার কাজ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *