মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহা নবমীর পুণ্যলগ্নে উৎসবের আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনায় কার্যত জনসমুদ্রে পরিণত হলো শ্রীভূমি শহর। দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠা শহরের প্রতিটি প্রান্তে তৈরি হয় উৎসবের বর্ণময় আবহ। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা শুরু হলেও সন্ধ্যা নামতেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। রাত যত গভীর হয়েছে, শহরের রাজপথ, প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সর্বত্রই নেমে আসে মানুষের ঢল। মহা নবমীর রাতকে ঘিরে শ্রীভূমি শহর পরিণত হয় এক অনন্য আনন্দমেলায়।

শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে নির্মিত দৃষ্টিনন্দন মণ্ডপ, মনোমুগ্ধকর আলোকসজ্জা, বাহারি সাজসজ্জা এবং শিল্পীদের নিপুণ সৃজনশীলতায় এক অপরূপ রূপ ধারণ করে শ্রীভূমি শহর। কোথাও ঐতিহ্যের ছোঁয়া, কোথাও আধুনিক ভাবনার নান্দনিক উপস্থাপনা, আবার কোথাও অভিনব থিমের আকর্ষণ—সব মিলিয়ে প্রতিটি পুজো মণ্ডপই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।




