পাথারকান্দিতে ফের চুরির ঘটনা, উত্তর রেলওয়ে গেট সংলগ্ন দুটি বাড়িতে হানা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : পাথারকান্দি শহরে ফের চোরের দৌরাত্ম্য। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অনুপস্থিতির সুযোগে একই রাতে পরপর দুটি ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক সংলগ্ন উত্তর রেলওয়ে গেট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এলাকার বাসিন্দা রনোধীর ধরের বাড়ির লোহার গ্রিল ও জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা। সেখান থেকে দুটি গ্যাস সিলিন্ডার, পোশাকসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে তারা। একই বাড়ির ভাড়াটিয়া রীতা দাসের ঘরের গ্রিল ভেঙেও বাসনপত্র, পোশাক ও নথিপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দল।

বুধবার সকালে বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন মালিক ও ভাড়াটিয়ারা। পরে বিকেলে তাঁরা পাথারকান্দি থানায় অভিযোগ জানান। খবর পেয়ে এএসআই এফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

উল্লেখ্য, পাথারকান্দি শহর ও আশপাশে পরপর চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাতের নিরাপত্তা ও পুলিশের টহলদারি জোরদার করে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *