ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর : দীর্ঘ প্রতীক্ষার অবসান বললেন কৌশিক রায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বরাক উপত্যকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি। শিলচরের ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ২,০১৪ কোটি টাকার প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই খবর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, বরাক উপত্যকায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০১৪ সাল থেকেই এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০২২ সালে প্রকল্পটি প্রাথমিক অনুমোদন লাভ করে। এরপর বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিলেছে।

এই প্রকল্পের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী কৌশিক রায়।

তিনি জানান, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার বরাক উপত্যকাজুড়ে কৃতজ্ঞতা র‍্যালি ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হবে। প্রকল্পের অনুমোদনের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মিত হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। উন্নত বিমান পরিষেবার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন, শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। এর ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দীর্ঘদিন ধরে উন্নত বিমান যোগাযোগের অপেক্ষায় থাকা বরাক উপত্যকাবাসীর কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদন তাই নতুন আশার সঞ্চার করেছে। এবার প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া কত দ্রুত এগিয়ে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন উপত্যকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *