বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : মহালয়ার প্রাক্কালে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে এক নান্দনিক আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৪০ সালে যাত্রা শুরু করা বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের পরিবেশনায় মা দুর্গার আগমন ও নানা বিষয়কে কেন্দ্র করে সাজানো হয় অনুষ্ঠান।
এ বছর ৮৬ বছরে পদার্পণ করেছে বিদ্যালয়টি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী ও শিক্ষক ভাস্কর দাস। শিক্ষক-শিক্ষিকা, কার্যালয়ের কর্মী, অভিভাবক, পরিচালন সমিতি এবং শিলচরবাসীর সহযোগিতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আসন্ন দুর্গাপুজোয় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানানো হয়।
যন্ত্রসঙ্গীতে তবলায় ছিলেন সত্যজিৎ শীল এবং কিবোর্ডে সন্দীপ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী সংগঠনের সদস্য তথা শিক্ষক ভাস্কর দাস।




