মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে গুয়াহাটির রাজ্য বিজেপি কার্যালয়ে বিজয় উৎসবে মাতলেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার আয়োজিত এই উদ্যাপনে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পীযূষ হাজরিকা ও কৌশিক রায়-সহ দলের বরিষ্ঠ নেতৃত্ব এবং অসংখ্য কার্যকর্তা।
বিজয়ের আনন্দে দলীয় কার্যালয় চত্বরে মিষ্টি বিতরণের পাশাপাশি বাজি-পটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতা-কর্মীরা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিজের হাতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে লাড্ডু খাইয়ে দেওয়ার মুহূর্ত। উপস্থিত নেতারাও পরস্পরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিজয় উদ্যাপন উপলক্ষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “এই জয় দলের কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং সংগঠনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।” তাঁর মতে, কার্যকর্তারাই দলের মূল শক্তি। তাঁদের নিরলস প্রচেষ্টা ও সম্মিলিত ভূমিকা নির্বাচনী সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

মন্ত্রী আরও জানান, এই সাফল্য আগামী দিনেও দলের কর্মীদের নতুন উদ্দীপনা জোগাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব এবং কার্যকর্তাদের সাংগঠনিক প্রচেষ্টার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
নগাঁও লোকসভা উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিজেপির এই বিজয় উদ্যাপনে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তবে নির্বাচনী সাফল্যের পাশাপাশি মানুষের আস্থা বজায় রাখা, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



