বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : অসম পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। একাধিক জ্যেষ্ঠ পুলিশ আধিকারিককে বদলি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে এই রদবদলের মাধ্যমে বিভিন্ন শাখায় নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
গুয়াহাটির উপ-পুলিশ কমিশনার মাহাতো অমিত কুমার সিদ্ধি প্রসাদকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ পুলিশ সুপার উৎপল বায়নকে সীমান্ত শাখার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
কার্বি আংলঙের ২৩ এপিবিএন-এর কমান্ড্যান্ট নির্মল বৈশ্যকে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, শদিয়ার ষষ্ঠ অসম কমান্ডো ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আনন্দ তকবিকে কার্বি আংলঙের ২৩ এপিবিএন-এর নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গুয়াহাটির উপ-পুলিশ কমিশনার (প্রোটোকল) ইফতেখার আলিকে বরপেটার জ্যেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রীভূমির ১৫ এপিবিএন-এর কমান্ড্যান্ট গীতাঞ্জলি দলেকে গুয়াহাটির উপ-পুলিশ কমিশনার (প্রোটোকল) পদে বদলি করা হয়েছে।
এদিকে, কোকড়াঝাড়ের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ মেধিকে সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিবসাগরের অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মইদুল ইসলামকে ষষ্ঠ অসম কমান্ডো ব্যাটালিয়নের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্বি আংলঙের অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়াকে কাছাড়ের অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, গোয়ালপাড়ার সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ সুপার পাহাড়ী কোঁয়রকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।



