দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুন : পাথারকান্দির মামবাড়িতে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত দুই নাবালক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সভাপতি রামকৃষ্ণ সিনহা, সহ-সভাপতি রাজেশ সিনহা এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির রাজ্যিক সম্পাদক সাধন পুরকায়স্থ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন।
নেতৃবৃন্দ আহত দুই নাবালক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে তাঁদের হাতে ফলমূল ও কিছু নগদ অর্থ তুলে দেন। আহতদের পরিবারের সদস্যরা জানান, গরু চুরির সন্দেহে দুই নাবালককে নির্মমভাবে গণপিটুনির শিকার হতে হয়েছে। ঘটনাটি শুনে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন মহাসভার নেতারা। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে তাঁরা হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের প্রধান ডা. দেবব্রত সিনহার সঙ্গেও আলোচনা করেন।
এ প্রসঙ্গে বনবীর সিনহা বলেন, এ ধরনের ঘটনা সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে। তিনি প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাগরিক অধিকার রক্ষা কমিটির রাজ্য সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
সংগঠনের সভাপতি রামকৃষ্ণ সিনহা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। সহ-সভাপতি রাজেশ সিনহা ঘটনাটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আহত দুই নাবালক ও তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।



