মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জুন : আলুবোঝাই লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে এই সাফল্য পায়। বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি আন্তঃসীমান্ত মাদক পাচারচক্রের গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল। সেই সূত্র ধরেই মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে বিশেষ নাকা তল্লাশি অভিযান চালানো হয়।

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া PB-08-CX-5602 নম্বরের একটি আলুবোঝাই লরি চুরাইবাড়ি চেকপোস্টে পৌঁছালে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা সেটিকে আটক করে তল্লাশি চালান। প্রথমে সাধারণ পণ্যবাহী যানবাহন বলে মনে হলেও পরে লরির ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। তল্লাশিতে মোট ১৫০টি কার্টন থেকে ১৪,১০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে লরিটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আটক চালক পঞ্জাবের বাসিন্দা যোগেশ কুমার (২৭)।



