৯ মে : ভারতের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তনের ঢেউ। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির নাম ঘোষণা করল কেন্দ্র। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ মে জেনারেল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পরেই ভারতীয় সেনাবাহিনীর এই সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করবেন সুব্রমণি।
১৯৮৫ সালে গঢ়বাল রাইফেলস দিয়ে সামরিক যাত্রা শুরু করা সুব্রমণি দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে বহু চড়াই-উতরাই দেখেছেন। ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই অফিসার কাজাখাস্তানের ভারতীয় দূতাবাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর থেকে শুরু করে ভাইস সিডিএস হিসেবে তাঁর অভিজ্ঞতা নজরকাড়া। সেনাবাহিনীতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ইতিপূর্বেই একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। সিডিএস হিসেবে তিনি এখন থেকে স্থল, নৌ এবং বায়ুসেনা—এই তিন বাহিনীর সমন্বয় রক্ষাকারী প্রধান এবং সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসেবে কাজ করবেন।
সেনা সর্বাধিনায়কের পাশাপাশি দেশের নতুন নৌসেনা (Indian Navy) প্রধানের নামও চূড়ান্ত করেছে কেন্দ্র। ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর উত্তরসূরি হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। আগামী ৩১ মে দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে মুম্বইয়ে পশ্চিম নেভাল কমান্ডের দায়িত্বে থাকা স্বামীনাথন নৌসেনার একজন অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে পরিচিত।
কৃষ্ণ স্বামীনাথন তাঁর কর্মজীবনে আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ এবং আইএনএস মহীশূরের মতো শক্তিশালী যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন। এমনকি ভারতের গর্ব বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের কমান্ডার হিসেবেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। নৌসেনার উপপ্রধান হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



