বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রঙ্গিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। রঙ্গিয়া রেল স্টেশনের কাছের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে নিহত তরুণীর দেহ। ঘটনার পর অভিযুক্ত যুবক আত্মহত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম মালা নী। তিনি শোণিতপুর জেলার রাঙ্গাপাড়ার উখরাজুলির বাসিন্দা। তামিলনাড়ু থেকে কাজ সেরে শনিবার রাতে অন্য দুই তরুণীর সঙ্গে তিনি রঙ্গিয়া স্টেশনে নামেন। ওদালগুড়ির রৌতার বাসিন্দা অভিজিৎ কিণ্ডু নামে এক যুবক তাঁদের জন্য আগে থেকেই রঙ্গিয়ার ওই হোটেলে রুম বুক করে রেখেছিলেন। মালা এবং অভিজিতের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, যা তাঁদের পরিবারের লোকজনও জানতেন।
শনিবার গভীর রাতে অভিজিৎ মালাকে অন্য ঘর থেকে নিজের রুমে নিয়ে যান। রবিবার সকালে মালা নিজের ঘরে ফিরে না আসায় বন্ধুদের সন্দেহ হয়। পরে অভিজিতের রুম থেকে মালার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, সেখানে তাঁর গলা কেটে হত্যা করা হয়েছে।
ঘটনার পরই অভিযুক্ত অভিজিৎ নিজের জীবন শেষ করার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। রঙ্গিয়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাপ্লুত অবস্থায় অভিযুক্তকে আটক করে এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন বা প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে হোটেলের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালাচ্ছে রঙ্গিয়া থানার পুলিশ।



