বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা উপ-নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের জোর তৎপরতা উভয় দলেরই ৪০ জনের তারকা প্রচারক (স্টার ক্যাম্পেইনার) তালিকা প্রকাশ করেছে। নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রচার অভিযানের জন্য তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। শাসকদল বিজেপি নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার জন্য ৪০ জন নেতার তালিকা প্রকাশ করেছে।
দলের প্রধান কার্যালয় থেকে গত ১৪ সেপ্টেম্বর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে এই প্রচারক তালিকা জমা দেওয়া হয়। তালিকায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্গারিটা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার পাশাপাশি দলের বেশ কয়েকজন জাতীয় স্তরের নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় জাতীয় সাধারণ সম্পাদক হরিষ দ্বিবেদী, উত্তর-পূর্বের সমন্বয়ক ড. সম্বিত পাত্র, সহ-সমন্বয়ক রাজীব বব্বর এবং জাতীয় সম্পাদক মৃগাঙ্ক দেব বর্মনের নামও রয়েছে। অসমের মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক তথা দলীয় নেতাদের মধ্যে রণোজ পেগু, পীয়ুষ হাজরিকা, জয়ন্ত মল্ল বরুয়া, অজন্তা নেওগ, বিশ্বজিৎ দৈমারী, অশোক সিংহল, কামাখ্যা প্রসাদ তাসা, প্রদান বরুয়া, বিজুলী কলিতা মেধি, তেরস গোয়ালা, তুলিরাম রংহাং, রূপক শর্মা, জিতু গোস্বামী প্রমুখ নেতার নাম উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যেই বিজেপির প্রার্থী, প্রাক্তন আইএএস কর্মকর্তা দেবাশিস শর্মা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিভিন্ন এলাকায় প্রচার কাজ শুরু করেছেন।
অন্যদিকে, বিজেপির পাশাপাশি কংগ্রেসও ৪০ জন তারকা প্রচারকের (স্টার ক্যাম্পেইনার) তালিকা প্রকাশ করেছে। তালিকায় অসমের স্থানীয় নেতাদের পাশাপাশি জাতীয় স্তরের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কংগ্রেসের আসামের নবনিযুক্ত প্রভারী ভূপেশ বাঘেল, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাতে, শ্রীনিবাস বি ভি, মনোজ চৌহান, ইমরান মাসুদ এবং কানহাইয়া কুমারসহ বেশ কয়েকজন জাতীয় নেতা নওগাঁওয়ে প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, সংসদ সদস্য রকিবুল হোসেনসহ রাজ্যের বেশ কয়েকজন শীর্ষ নেতা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন। কংগ্রেসে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিধায়িকা শিবামণি বরা।



