বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : গুয়াহাটি মহানগরে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। খানাপাড়ায় বস্তার ভেতর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ। মহিলাকে হত্যা করে মৃতদেহ কয়েক টুকরো করে বস্তায় ভরে ফেলে দেওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, খানাপাড়ার গণেশ মন্দিরের কাছে উদ্ধার হয় মৃতদেহটি। বস্তাটি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় লোকদের সন্দেহ হয়। এর পরেই বস্তাটির ভেতর থেকে মহিলার একটি পা বেরিয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মৃতদেহটি কয়নাধরার জীনু বৈশ্য নামের এক মহিলার বলে সন্দেহ করা হচ্ছে। জানা গেছে, মহিলাটি বিগত ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন।
ঘটনার খবর পেয়ে দিসপুর পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে ফরেনসিক বিশেষজ্ঞের দলও ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

মহিলার মৃত্যু কীভাবে হলো এবং এই ঘটনার পেছনে কে জড়িত রয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



