কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোর

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : নবনির্মিত কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক ১৬ বছরের কিশোর। সেতুর রেলিংয়ে উঠে ছবি তোলার সময় ভারসাম্য হারিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ কিশোরের নাম মিরাজুল হক। তার বাড়ি গোয়ালপাড়া জেলার লক্ষীপুর এলাকায়।

জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে এসে শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তর গুয়াহাটি ও ভরলু থানার পুলিশ। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাতের অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

এই মর্মান্তিক ঘটনায় কিশোরের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সেতুর রেলিংয়ে উঠে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে সেলফি না তোলার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার জন্যও সকলকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *