বরাক তরঙ্গ, ২৬ জুলাই : রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনা ও জেলা প্রশাসন যৌথভাবে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্গম ও জলমগ্ন অঞ্চলে স্থলপথে পৌঁছানো সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে খাদ্যসামগ্রী, পানীয়জল, ওষুধ এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় বন্যার জল কিছুটা নেমে গিয়ে শুকনো জমি দৃশ্যমান হয়েছে, সেসব স্থানকে চিহ্নিত করে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ফেলা হচ্ছে। এতে ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা কমছে এবং দুর্গত মানুষের হাতে দ্রুত ও কার্যকরভাবে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসনের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বিশেষ দল নিরলসভাবে কাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন নতুন এলাকাকেও এই ত্রাণ অভিযানের আওতায় আনা হচ্ছে।
প্রশাসনের দাবি, বন্যাদুর্গত মানুষের কাছে সময়মতো প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতেও হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে, যাতে দুর্গম এলাকায় আটকে থাকা মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান।



