মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সীমান্তঘেঁষা প্রত্যন্ত খাগড়াবাজারে ফের বসতে চলেছে ফুটবলের আসর। খাগড়াবাজার, ঝেরঝেরি ও বালিপিপলা জিপির যৌথ উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩২ দলীয় কৃষ্ণেন্দু পাল নক-আউট ফুটবল টুর্নামেন্ট। অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তসংলগ্ন লালতিনবুল হাইস্কুল বিদ্যামন্দিরের মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ টাকা ও ট্রফি। রানার্স-আপ দলের জন্য রয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি। পাশাপাশি প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে বিশেষ পুরস্কার।
প্রতিদিন বিকেল ৩টা থেকে ম্যাচ শুরু হবে। নির্ধারিত দলগুলিকে দুপুর ২টার মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে। ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহত্তর বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা ও মিজোরামের ফুটবল দলগুলিকেও প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকার প্রতিভাবান ফুটবলারদের সুযোগ করে দেওয়া এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। স্থানীয় ক্রীড়াপ্রেমীদেরও প্রতিটি ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানান মান চরেই, হায়দর আলি, অনুপ দাস, অনুপম পাল, সুরাব আলি, শাকিল আহমেদ, হোসেন আহমদ, শ্রীমৎ দাস-সহ অন্যান্যরা।



